শাহিন জামান, লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের চাঁদনী বাজার এলাকায় নিয়মবহির্ভূতভাবে সার বিক্রির অভিযোগে অনুমোদিত ডিলার প্রতিষ্ঠান মেসার্স রেহান সীডসকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ছয় বস্তা সার জব্দ করে স্থানীয় কৃষকদের মধ্যে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়।
রোববার (১১ অক্টোবর ২০২৬) পরিচালিত অভিযানে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়। তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়েছে।
অভিযান চলাকালে লালমনিরহাট সদর উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার সোহায়েল আহমেদ উপস্থিত থেকে প্রসিকিউশন দাখিল করেন। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) অনুমোদিত বীজ ও সার ডিলার প্রতিষ্ঠান মেসার্স রেহান সীডসের বিরুদ্ধে অবৈধ ব্যবসায়ীর কাছে সার বিক্রির অভিযোগে এ ব্যবস্থা নেওয়া হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম বলেন, জব্দ করা ছয় বস্তা সার স্থানীয় কৃষকদের মধ্যে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়েছে। কৃষকদের কাছে সারের সুষ্ঠু বিতরণ নিশ্চিত করা এবং অবৈধভাবে সার বিক্রি বন্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
তিনি আরও জানান, ভবিষ্যতে পুনরায় এ ধরনের অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ডিলারের লাইসেন্স বাতিল করা হতে পারে।
উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার সোহায়েল আহমেদ জানান, কৃষকদের স্বার্থ রক্ষা, সারের সুষ্ঠু বিতরণ নিশ্চিত করা এবং সার বিপণনে অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




















