জুয়েল শেখ জয়পুরহাট জেলা প্রতিনিধি
উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয় এ প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬ পালিত হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদের সভাকক্ষে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদ হাসান। সভাটি সঞ্চালনা করেন মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান।
আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাসান আলী, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক হান্নান চৌধুরী, লাল বিহারী সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আতাউর রহমান, বিশিষ্ট ড্রাগন বাগান উদ্যোক্তা হেদায়েত হোসেন শিপলু, পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আজাদ আলী প্রমুখ।
বক্তারা উৎপাদনশীলতা বৃদ্ধিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উদ্ভাবনী চিন্তা ও দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে কৃষি ও অন্যান্য উৎপাদনশীল খাতে প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান।
পরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত পরিচ্ছন্নতা কার্যক্রমে সভাপতি ও অতিথিবৃন্দ অংশগ্রহণ করেন।





















