শেখ আশিকুন্নবী সজীব, ফেনী জেলা প্রতিনিধি:
‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনীতে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) দিবসটি উদযাপন উপলক্ষে ফেনী জেলা প্রশাসন এসব কর্মসূচির আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিফাত আসমা। এছাড়া জেলা শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় বিনোদন কেন্দ্র ‘নিহাল পল্লী’র স্বত্বাধিকারী নিজাম উদ্দিন।
কর্মসূচির শুরুতে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণী ও পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
পরবর্তীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটির মূল প্রতিপাদ্য ও গুরুত্ব তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে স্থানীয় পর্যটন শিল্পকে আরও আধুনিক ও আকর্ষণীয় করে তোলার ওপর জোর দেন। একই সঙ্গে ফেনীর স্থানীয় পর্যটন সম্ভাবনা, ঐতিহাসিক ঐতিহ্য রক্ষা এবং এই খাতের পরিকল্পিত ও দীর্ঘমেয়াদী উন্নয়নের নানান দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।



















