মু. রিয়াজুল ইসলাম লিটন:
দিনাজপুরে জেলা পুলিশের উদ্যোগে যুব কাবাডি অনূর্ধ্ব-২০ (বালক ও বালিকা) বিভাগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে গোর-এ-শহীদ বড় মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।

দিনাজপুরের পুলিশ সুপার জেদান আল মুসার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলাল, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোখলেসুর রহমান, দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ভারপ্রাপ্ত সভাপতি মো. আখতারুজ্জামান জুয়েল, অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন (বিপিএম-সেবা), বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর শহর শাখার আমির মাওলানা সিরাজুস সালেহীন, এএসপি (সদর সার্কেল) আব্দুল হালিম, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. আসাদুজ্জামান, চেম্বার পরিচালক মো. সহিদুর রহমান পাটোয়ারী মোহন এবং বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ন্যাশনাল কাবাডি কোচ ও সাবেক ভিপি হামিদুর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা যুবসমাজকে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। তারা কাবাডিসহ দেশীয় খেলাধুলার প্রসারে এমন আয়োজনকে সময়োপযোগী উদ্যোগ বলে অভিহিত করেন।

চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী খেলায় দিনাজপুর জেলার ১৩টি উপজেলা থেকে অনূর্ধ্ব-২০ বালক ও বালিকা বিভাগের মোট ১৯টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতাকে ঘিরে খেলোয়াড় ও দর্শকদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।



















