রামগঞ্জ (লক্ষ্মীপুর)প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে এবার কুরিয়ার সার্ভিসের ডেলিভারি ম্যানের কাছ থেকে টাকা ছিনতাই করে পালিয়েছে দুর্বৃত্তরা।
ঘটনাটি ঘটেছে আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৫টায় উপজেলার ৮ নং করপাড়া ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের কাজী বাড়ির সামনে।
জানা গেছে করপাড়া ইউনিয়নের ডুমুরিয়া কাজী বাড়ির সামনে থেকে Steadfast Courier Service-এর ডেলিভারি ম্যান সাইফুল ইসলাম কে অস্ত্রের মুখে জিম্মি করে তার কাছে থাকা প্রায় ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার বাদ আছর পার্সেল পৌঁছে দেওয়ার জন্য মোটরসাইকেল নিয়ে সাইফুল ইসলাম ওই এলাকায় অবস্থান করছিলেন । এ সময় কয়েকজন ব্যক্তি কাস্টমার পরিচয়ে তার কাছে আসে। একপর্যায়ে তারা তাকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে ও আঘাত করে তার কাছে থাকা সাড়াদিনের পার্সেল ডেলিভারির টাকা নিয়ে তারা দ্রুত সটকে পড়ে।
এ ঘটনায় সাইফুল, বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেছেন বলে জানান। ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং জড়িতদের শনাক্তে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।





















