দিনাজপুর সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২৯ ব্যাটালিয়নের পৃথক অভিযানে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ভারতীয় এবং বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ আটক করা হয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৯৭ হাজার ৮৫০ টাকা।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিজিবি ২৯ ব্যাটালিয়নের মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফুলবাড়ীসহ বিজিবির ২৯ ব্যাটালিয়নের অধীনস্থ অচিন্তপুর বিওপি এবং বিরামপুর বিশেষ ক্যাম্পের সদস্যরা মাদক ও চোরাচালান প্রতিরোধে পৃথক অভিযান পরিচালনা করেন। অভিযানে ৫১০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ২৩ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ এবং ৩১৯ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করা হয়।
জব্দকৃত এসব মালামালের মোট সিজার মূল্য ৯৭ হাজার ৮৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এসব অপরাধ দমনে ভবিষ্যতেও কঠোর অবস্থান বজায় রাখা হবে।



















