গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের ভবানীপুর গ্রাম সংলগ্ন শিবপুর সড়কের একটি কালভার্টের নিচ থেকে একটি বিদেশী পিস্তুল, দুই রাউন্ড তাজা গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)। শনিবার রাত প্রায় ৩টার দিকে পরিচালিত এক বিশেষ অভিযানে এসব উদ্ধার করা হয়।
এসআরবি-১৩ সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের একটি বিশেষ দল শিবপুর সড়কের ওই এলাকায় অভিযান চালায়। তল্লাশির একপর্যায়ে কালভার্টের নিচে পড়ে থাকা সাদা রঙের একটি কাটা প্লাস্টিকের বস্তা তাদের নজরে আসে। পরে বস্তার মুখ খুলে ভেতরে থাকা লাল রঙের একটি শপিং ব্যাগ থেকে একটি বিদেশী পিস্তুল, দুই রাউন্ড তাজা গুলি এবং একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
এসআরবি-১৩ এর কর্মকর্তারা জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ কারা সেখানে রেখে গেছে তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের শনাক্তে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।
অভিযান শেষে উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।




















