কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে কিশোরগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ এবং জলাবদ্ধতা নিরসনে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কিশোরগঞ্জ জেলা পরিষদে পরিচ্ছন্নতা অভিযান ও মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে জেলা পরিষদ এলাকায় পরিচ্ছন্নতা অভিযান ও মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোছা. মোস্তারী কাদেরী, প্রশাসনিক কর্মকর্তা মাহমুদা রহমানসহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।
অভিযানের অংশ হিসেবে জেলা পরিষদ প্রাঙ্গণ ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। পাশাপাশি মশা নিয়ন্ত্রণে ফগ মেশিনের মাধ্যমে মশানিরোধক ওষুধ ছিটানো হয়। জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান নিজ হাতে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমে অংশ নেন।
এ সময় জেলা পরিষদ প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল বলেন, ‘আমি, আমরা সকলেই যদি সচেতন হই, তবেই আমরা ডেঙ্গু প্রতিরোধে সফল হব। নিজেদের আঙিনা ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলে এবং কোথাও পানি জমতে না দিলে এ সংকট মোকাবিলা করা সহজ হবে।’
এ সময় তিনি ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতনতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

























