বিপ্লব কুমার দাস, ফরিদপুর থেকে :
ভাঙ্গা মহিলা কলেজের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে এ অনুষ্ঠান শুরু হয়। কলেজের ইংরেজি বিষয়ের শিক্ষক দিলীপ দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সফী উদ্দিন মোল্লা। অনুষ্ঠানে প্রধান অতিথি অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ভাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আইয়ুব মোল্লা ও ভাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোক্তার হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলেজের ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষক এনায়েত হোসেন মিয়া, অর্থনীতি বিভাগের শিক্ষক নুরুন নাহার বেগম, বাংলা বিভাগের শিক্ষক অজয় কুমার দাস, দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী অথৈ সাহা। জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। এরপর অতিথি ও নবীন শিক্ষার্থীদের রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করা হয়। এরপর শিক্ষকগণ তাদের পরিচয় তুলে ধরেন।
বক্তারা তাদের বক্তব্যে শিক্ষার গুরুত্ব ও মানোন্নয়নের দিকটি তুলে ধরেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষকগণ সঙ্গীত, আবৃত্তি পরিবেশন করেন।



















