ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের গজারিয়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি বসতঘর পুড়ে গেছে। এতে ঘরগুলোতে বসবাসকারী ১৪টি পরিবার নিঃস্ব হয়ে পড়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি দল ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, গজারিয়া গ্রামের ১০টি ঘরে ১৪টি পরিবার বসবাস করত। সকালে আলফাজ মিয়ার ঘরের বৈদ্যুতিক মিটার থেকে শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। পরে মুহূর্তের মধ্যে আগুন আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে।
আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় স্থানীয়রা নেভানোর চেষ্টা করেও নিয়ন্ত্রণে আনতে পারেননি। একপর্যায়ে ১০টি বসতঘর ও ঘরে থাকা মালামাল পুড়ে যায়। এতে ১৪টি পরিবারের সবকিছুই আগুনে নষ্ট হয়ে গেছে।
ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপ-সহকারী পরিচালক মো. ফারুক আহমেদ বলেন, প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
তিনি জানান, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।























