শেখ জোবায়ের আল জামান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে ‘পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বর ও আশপাশের এলাকায় এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার।
অভিযানের অংশ হিসেবে উপজেলা পরিষদ চত্বরসহ আশপাশের এলাকায় ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয় এবং পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।

আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন উপজেলা গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সচেতন অংশগ্রহণ ও নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।




















