কুড়িগ্রামে পরিবেশবাদী সংগঠন গ্রিন ভয়েসের উলিপুর উপজেলা শাখার সভাপতি ও জুলাই যোদ্ধা সারফারাজ ইসলাম সৌরভের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে সংগঠনটির জেলা শাখা।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে গ্রিন ভয়েসের নেতাকর্মীসহ বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী ও পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

মানববন্ধনে প্রধান বক্তার বক্তব্যে গ্রিন ভয়েস উলিপুর উপজেলা শাখার উপদেষ্টা আসাদুজ্জামান আসাদ বলেন, ‘২৪-এর গণঅভ্যুত্থানের পরও চিহ্নিত এই সন্ত্রাসী সংগঠনের সদস্যরা কিভাবে প্রকাশ্যে হামলা চালানোর সাহস পায়, তা আমাদের বোধগম্য নয়। এটি অত্যন্ত আশঙ্কাজনক। অনতিবিলম্বে হামলাকারীকে গ্রেফতার করে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে।
গ্রিন ভয়েস উলিপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আবু রায়হান কবির বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসী মাসুম বিল্লাহকে গ্রেফতারে প্রশাসনের গড়িমসি মেনে নেওয়া হবে না। ২৪ ঘণ্টার আল্টিমেটামের ১২ ঘণ্টা পেরিয়ে গেছে। নির্ধারিত সময়ে আসামিকে গ্রেফতার করা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
মানববন্ধনে আরও বক্তব্য দেন গ্রিন ভয়েস কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার সভাপতি আবু রায়হান জাকারিয়া, পাঠ্যক্রম বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস নদী, নাগেশ্বরী উপজেলা শাখার সভাপতি মাইদুল ইসলাম মামুন ও উলিপুর স্বেচ্ছাসেবী ফোরামের মুখ্য সংগঠক মারুফ শেখ প্রান্ত।
পরে গ্রিন ভয়েসের একটি প্রতিনিধি দল হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেয়।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী বলেন, এ ঘটনায় একজনকে নামীয় ও দুই-তিনজনকে অজ্ঞাত আসামি করে মামলা হয়েছে। আসামি গ্রেফতারে পুলিশ কাজ করছে।’
এরআগে, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উলিপুর উপজেলার মণ্ডলহাট বাজারে সারফারাজ ইসলাম সৌরভের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ছাত্রলীগের কর্মী মাসুম বিল্লাহ ও তার সহযোগীদের বিরুদ্ধে হামলার অভিযোগ করা হয়েছে।




















