বিপ্লব কুমার দাস, ফরিদপুর থেকেঃ
জাতীয় পর্যায়ে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যমাত্রায় রাত ৮টার পর সব ধরনের শপিংমল, মার্কেট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সরকারি বাধ্যবাধকতা রয়েছে। সরকারি নির্দেশ অমান্য করে নির্ধারিত সময়ের পর দোকান খোলা রাখায় ফরিদপুরের নগরকান্দায় অভিযান চালিয়ে ৭ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার রাতে নগরকান্দা উপজেলার প্রধান বাজারে এ তদারকি অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন নগরকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল হাসান।
অভিযানকালে উপজেলা পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার (জিএম) প্রকৌশলী সোহেল রানা চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (এজিএম) প্রকৌশলী শরিফুল আলমসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান শেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল হাসান জানান, বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের বেঁধে দেওয়া সময়সূচি কার্যকর করতেই এই অভিযান। নির্দেশ অমান্য করায় ৭ জন ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়ার পাশাপাশি অন্যান্য ব্যবসায়ীদেরও সজাগ ও সতর্ক করা হয়েছে। সরকারি আদেশ বাস্তবায়নে উপজেলায় নিয়মিতভাবে এই ধরনের তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।



















