উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের বিএসসি ইন নার্সিং (বেসিক) কোর্সের ৪র্থ বর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং বিভিন্ন কোর্সের ১ম বর্ষের শিক্ষার্থীদের ক্যাপ ও ব্যাজ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) দিনাজপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তরের ঐতিহ্যবাহী শহীদ গুলজার হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সেখ সাদেক আলী।
দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের অধ্যক্ষ ড. শারমিন সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. সারোয়ার মোর্শেদ, জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও কলেজের গভর্নিং বডির অন্যতম সদস্য এ কে এম আজাদ, যুগ্ম সম্পাদক ও গভর্নিং বডির সদস্য মো. আবু তাহের আবু, কোষাধ্যক্ষ ও গভর্নিং বডির সদস্য মো. আনোয়ারুল কবির, দিনাজপুর নার্সিং কলেজের অধ্যক্ষ কোহিনুর বেগম, জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক ডা. সুধা রঞ্জন রায় এবং মেডিকেল এডুকেশন পরিচালক আ ফ ম মোস্তফা সরকার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ মোস্তফা বেগম। এসময় কলেজের সচিব মো. শাহজাহান আলীসহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএসসি ইন নার্সিং ৪র্থ বর্ষের শিক্ষার্থী মো. মাহাফুজ আলম ও সাদিয়া আফরোজ সাবা।
বক্তারা তাদের বক্তব্যে নার্সিং পেশার গুরুত্ব, মানবিক মূল্যবোধ এবং অসহায় মানুষের সেবায় আত্মনিয়োগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তারা শিক্ষার্থীদের দক্ষ, দায়িত্বশীল ও মানবিক স্বাস্থ্যসেবাকর্মী হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান এবং বিএসসি ইন নার্সিং (বেসিক), ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের প্রথম বর্ষের শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে ক্যাপ ও ব্যাজ পরিয়ে দেওয়া। এ সময় শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। নাচ, গান ও অভিনয়ে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন। আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে দিনব্যাপী এ অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।



















