কুবি প্রতিনিধি: মোঃ ইহসানুল হক সাকিব
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যার বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয়ের মূলট ফটক থেকে কোটবাড়ি বিশ্বরোড় অবরোধ উদ্দেশ্যে রওনা হয় সাধারণ শিক্ষার্থীরা। এই সময় চার দফা দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং প্রায় দুই ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধের পর দুপুর ১টার দিকে কর্মসূচি প্রত্যাহার করেন তারা।
রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত কোটবাড়ি বিশ্বরোড এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
শিক্ষার্থীদের চার দফা দাবির মধ্যে রয়েছে অপ্রতিম হত্যার সঙ্গে জড়িত আসামিদের গ্রেপ্তার করে ৬০ দিনের মধ্যে বিচার কার্যক্রম নিষ্পত্তি এবং ফাঁসির রায় কার্যকর করা, পুলিশের ব্যর্থতার দায় স্বীকার করে কুমিল্লার পুলিশ সুপার, আদর্শ সদর ও সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করা, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাশে স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপন করা এবং প্রয়োজনে কোটবাড়ি পুলিশ ফাঁড়ি বিশ্ববিদ্যালয়ের পাশে স্থানান্তর করা।
চতুর্থ দাবিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া, কুবি এলাকা সিসি ক্যামেরার আওতায় আনা এবং নিখোঁজ ব্যক্তিদের দ্রুত শনাক্ত ও উদ্ধারে উন্নত প্রযুক্তিনির্ভর বিশেষ ইউনিট গঠনের দাবি জানান শিক্ষার্থীরা।
এর আগে সকাল ১০টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নেন।
এ সময় শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলে ‘‘উই ওয়ান্ট জাস্টিস,অপ্রতিম হত্যার প্রশাসন জবাব দে ‘আমার মা কাঁদে কেন, প্রশাসন জবাব দে এবং কুমিল্লায় মানুষ মরে, পুলিশ গিয়ে মেডেল ধরে’’সহ বিভিন্ন স্লোগান দেন।
শিক্ষার্থীরা বলেন, অপ্রতিম হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি কুমিল্লার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর ও ২৪ ঘন্টায় দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার জন্য আল্টিমেটাম দিয়েছে শিক্ষাথীরা ।
দুপুর ১টার দিকে চার দফা দাবি জানিয়ে শিক্ষার্থীরা মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে নেন।
























