জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের যাতায়াত আরও স্বাচ্ছন্দ্যময় ও প্রযুক্তিনির্ভর করতে বিশ্ববিদ্যালয়ের ছয়টি দূরপাল্লার বাসে ওয়াই-ফাই সংযোগ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) পরিবহন সম্পাদক মাহিদের উদ্যোগে এ ব্যবস্থা চালু করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখা সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের নির্বিঘ্ন যাতায়াতের পাশাপাশি দীর্ঘ যাত্রাপথে ইন্টারনেট ব্যবহারের সুযোগ নিশ্চিত করাই এ উদ্যোগের উদ্দেশ্য। এর আওতায় ছয়টি দূরপাল্লার বাসে ২.৪ গিগাহার্টজ (2.4G) ও ৫ গিগাহার্টজ (5G) ব্যান্ডের ওয়াই-ফাই সংযোগ থাকবে।
ওয়াই-ফাই সুবিধার আওতায় আসা বাসগুলো হলো—নোঙর, তুরাগ, কালিগঙ্গা, পদ্মা, আড়িয়াল ও ঐতিহ্য। প্রতিটি বাসে 2.4G ও 5G দুই ব্যান্ডের সংযোগ থাকবে। প্রতিটি ব্যান্ডে সর্বোচ্চ ১৬ জন করে মোট ৩২ জন ব্যবহারকারী একসঙ্গে ওয়াই-ফাই সুবিধা নিতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীকে প্রতিদিন দীর্ঘ সময় দূরপাল্লার বাসে যাতায়াত করতে হয়। এ সময় অনলাইন ক্লাস, একাডেমিক কার্যক্রম, প্রয়োজনীয় তথ্য অনুসন্ধান ও যোগাযোগের মতো কাজে ইন্টারনেট সুবিধা তাদের জন্য সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
পরিবহন শাখার প্রচারিত তথ্য অনুযায়ী, শিক্ষার্থীদের নির্বিঘ্ন যাতায়াতের পাশাপাশি বাসে ইন্টারনেট ব্যবহারের সুবিধা নিশ্চিত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ছয়টি বাসে ওয়াই-ফাই সংযোগ চালু হলে বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থায় প্রযুক্তিনির্ভর নতুন সুবিধা যুক্ত হবে।
জকসুর পরিবহন সম্পাদক মাহিদের উদ্যোগে নেওয়া এ ব্যবস্থা বাস্তবায়িত হলে দূরপাল্লার বাসে যাতায়াতকারী শিক্ষার্থীরা যাত্রাপথে ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন। এতে দীর্ঘ যাত্রার সময় শিক্ষার্থীদের একাডেমিক ও প্রয়োজনীয় অনলাইন কার্যক্রম পরিচালনা আরও সহজ হবে।


























