মোঃ ইহসানুল হক সাকিব, কুবি প্রতিনিধি:
“নিরাপত্তার খোঁজে আমাদের কাছে সমস্ত কিছুই আছে, আমাদের কাছে নিরাপত্তা নাই”‚ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করিম।
সোমবার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের উপাচার্যের দপ্তরের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা, নিরাপত্তা ও সেবামূলক প্রতিষ্ঠানের সেবা নিশ্চিতকরণ বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
অপ্রতিম হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে উপাচার্য বলেন, “আমরা অপ্রতিমকে খুঁজে পাইনি। অপ্রতিমের লাশটি খুঁজে পেয়েছি। তার কিছুক্ষণ পরে হলে হয়তো আমরা সেই লাশটি খুঁজে পেতাম না। আজকে তাই আমাদের ছাত্রছাত্রীদের যে প্রাণের আবেদন, যে আকুল আবেদন আপনাদের কাছে রয়েছে সেটা হচ্ছে যে নিরাপত্তার খোঁজে আমাদের কাছে সমস্ত কিছুই আছে, আমাদের কাছে নিরাপত্তা নাই।”
তিনি বলেন, “আমার ছাত্রছাত্রীদের নিরাপত্তা আপনারা নিশ্চিত করুন। শতভাগ নিশ্চয়তা হয়তো করা সম্ভব নয়, এটা আমিও জানি। কিন্তু আমরা আমাদের নিজ নিজ অবস্থান থেকে আপনাদের ওপর অর্পিত সরকারি দায়িত্ব, আপনাদের ওপর অর্পিত সামাজিক দায়িত্ব থেকে যদি আপনারা রেসপন্স করেন, আমি মনে করি পরিস্থিতির অনেকটুকু উন্নয়ন আমরা ঘটাতে পারব।”
সভায় কুমিল্লার পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, “আমরা কিশোর গ্যাং, ছিনতাইকারী, মাদক এবং নিষিদ্ধ সংগঠনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছি। আমরা পাঁচ দফায় অভিযান পরিচালনা করি। এতে প্রায় ২ হাজার ৪২ জনকে আটক করি।”
তিনি আরও বলেন, “আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা ফেসবুকে পোস্ট না দিয়ে ৯৯৯-এ কল দেবেন। তখন অফিসার যেতে বাধ্য। আপনি আমাদের অভিযোগ না দিলে আমি পুলিশের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে পারছি না। আপনারা অভিযোগ করলে তারা দৃঢ়চিত্তে ডিউটি পালন করবে। আমরা চেষ্টা করছি আপনাদের নিরাপত্তার জন্য।”
কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও ক্যাম্পাস-সংলগ্ন এলাকার শিক্ষার্থীদের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় কুমিল্লা পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ, সিটি কর্পোরেশন, সড়ক ও জনপথ বিভাগ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লা ওয়াসা, কুমিল্লা মেডিকেল কলেজসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও অন্যান্য অংশীজনরা উপস্থিত ছিলেন।

























