কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা মোঃ মাসুদ আলমের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন ফেসবুক পেজে প্রচারিত বিভিন্ন বক্তব্য ও অভিযোগের প্রতিবাদ জানিয়েছেন তিনি।
মোঃ মাসুদ আলম বলেন, তাকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন ফেসবুক পেজে যেসব তথ্য ও বক্তব্য প্রচার করা হচ্ছে, সেগুলো ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। সরকারি দায়িত্ব পালনকে কেন্দ্র করে তার সামাজিক ও পেশাগত ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এসব প্রচারণা চালানো হচ্ছে বলে তিনি দাবি করেন।
তিনি বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন ফেসবুক পেজে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। এসব প্রচারণার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”
মাসুদ আলমের দাবি, অভিযোগকারীর আপন ভাতিজা উল্লাস ব্যাপারীকে মাদক সেবনের অভিযোগে মোবাইল কোর্টের মাধ্যমে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল। ওই মোবাইল কোর্টে তিনি পেশকার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বলেও জানান মাসুদ আলম।
তিনি আরও দাবি করেন, নিলুর খামার ও নওডাঙ্গা মৌজার নামজারি কার্যক্রম প্রায় এক বছর ধরে বন্ধ রয়েছে। এ কারণে অভিযোগকারী নামজারি করতে পারছেন না। নামজারির জন্য অভিযোগকারী দুইবার আবেদন করলেও তা বাতিল হওয়ায় তার বিরুদ্ধে অভিযোগ ও সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর প্রচারণা চালানো হচ্ছে বলে দাবি করেন তিনি।
মাসুদ আলম বলেন, “নামজারি সংক্রান্ত বিষয়টি আমার ব্যক্তিগত সিদ্ধান্তে নয়; সংশ্লিষ্ট বিধি-বিধান ও দাপ্তরিক প্রক্রিয়ার বিষয়। নামজারি বাতিলের কারণ ও প্রক্রিয়া যথাযথভাবে যাচাই করা যেতে পারে।”
তিনি আরও বলেন, সরকারি দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি বিধি-বিধান অনুসরণ করে দায়িত্ব পালন করছেন। তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করে তদন্তের মাধ্যমে সত্যতা যাচাই করার আহ্বান জানান তিনি।
মাসুদ আলমের ভাষ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার না করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে বিষয়টি যাচাই করা উচিত। তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত বা বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হলে সংশ্লিষ্টদের বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও জানান তিনি।
তিনি বলেন, “আমার বিরুদ্ধে যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে অভিযোগ করা হোক। তদন্তের মাধ্যমে প্রকৃত বিষয়টি বেরিয়ে আসবে।”
এ বিষয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন ফেসবুক পেজে প্রচারিত বক্তব্যের প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন।























