হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
বিদ্যুৎ সাশ্রয়, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে উৎসাহিতকরণ এবং সৌর বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর লক্ষ্যে কিশোরগঞ্জের হোসেনপুরে জাতীয় রুফটপ সোলার ও নেট মিটারিং কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ মংগলবার ২৪ নভেম্বর হোসেনপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির হোসেনপুর জোনাল অফিসের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৬২ কিশোরগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য মাজহারুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হোসেনপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন।
কর্মসূচিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিলুফা আক্তার রুপা, কৃষি অফিসার শেখ মোহাম্মদ মহসিন,হোসেনপুর উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম,মো: সোহেল রানা ডেপুটি জেনারেল ম্যানেজার হোসেনপুর জোনাল অফিস কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি,সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, মসজিদ-মাদ্রাসার প্রতিনিধি, ব্যবসায়ী, পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য মাজহারুল ইসলাম বলেন, সরকার দেশকে জ্বালানি নিরাপত্তায় স্বয়ংসম্পূর্ণ করতে নবায়নযোগ্য জ্বালানির উপর গুরুত্ব দিচ্ছে। ছাদে সোলার প্যানেল বসিয়ে নিজের বিদ্যুৎ নিজেই উৎপাদন করা যায়। এতে একদিকে বিদ্যুৎ বিল কমবে, অন্যদিকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করে আয় করাও সম্ভব হবে। তিনি সরকারি-বেসরকারি সকল ভবনের ছাদে সোলার স্থাপনের আহ্বান জানান।
তিনি আরও বলেন, নেট মিটারিং পদ্ধতিতে গ্রাহক দিনের বেলায় সোলার থেকে উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে দিতে পারবেন এবং রাতে প্রয়োজনে গ্রিড থেকে বিদ্যুৎ নিতে পারবেন। এতে বিদ্যুতের অপচয় রোধ হবে এবং পরিবেশও রক্ষা পাবে। হোসেনপুরকে একটি মডেল সোলার উপজেলা হিসেবে গড়ে তুলতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন বলেন, জলবায়ু পরিবর্তনের এই সময়ে সৌর বিদ্যুৎ এখন আর বিলাসিতা নয়, এটি সময়ের দাবি। সরকারি ভবন, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতালসহ বড় বড় ভবনে রুফটপ সোলার স্থাপন বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করবে।
অনুষ্ঠানে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা রুফটপ সোলার স্থাপনের নিয়ম, খরচ, নেট মিটারিংয়ের আবেদন প্রক্রিয়া, সরকারি ভর্তুকি ও প্রযুক্তিগত সুবিধা সম্পর্কে বিস্তারিত প্রেজেন্টেশন উপস্থাপন করেন। এ সময় উপস্থিতদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়।
কর্মসূচি শেষে উপস্থিত সকলে নিজ নিজ প্রতিষ্ঠান ও বাড়ির ছাদে সোলার স্থাপনে এগিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করেন।




















