শেখ হাসিনাকে ব্যবহার করে ভারত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে এবং এতে জামায়াতে ইসলামীও যুক্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
তিনি বলেছেন, বাংলাদেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় সরকারকে কঠোর অবস্থান নিতে হবে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবে প্রগতিশীল জাতীয়তাবাদী দল-পিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ভারত চাইলে আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী এক হয়ে কাজ করতে পারে। অতীতেও এ ধরনের ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে দেশে ফিরে বিচারের মুখোমুখি দেখতে চায়। তবে ভারত যদি শেখ হাসিনাকে ব্যবহার করে বাংলাদেশের ক্ষতি করার চেষ্টা করে, তাহলে দেশের ১৮ কোটি মানুষ প্রয়োজনে প্রতিরোধ গড়ে তুলবে।
দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় সরকারকে আরও কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় সবাইকে সজাগ থাকতে হবে।


























