গণপ্রজাতন্ত্রী চীনের প্রতিষ্ঠার ৭৭তম বার্ষিকী উপলক্ষে ঢাকায় চীনা দূতাবাস আয়োজিত জাতীয় দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর হোটেল শেরাটনের গ্র্যান্ড বলরুমে চীনা দূতাবাস আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, সরকারি-বেসরকারি পর্যায়ের প্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ডা. শফিকুর রহমান চীনের জাতীয় দিবস উপলক্ষে চীনের সরকার ও জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় তিনি বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের হাতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের উদ্দেশ্যে লেখা একটি চিঠি তুলে দেন।
চিঠিতে চীনের জাতীয় দিবস উপলক্ষে চীনের প্রেসিডেন্ট, সরকার ও জনগণের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। পাশাপাশি বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় ও বিস্তৃত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।
এ সময় জামায়াত আমির অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন দেশের কূটনীতিক ও আমন্ত্রিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন।
























