যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধ ও সামরিক উত্তেজনা প্রশমনে তিনটি স্পষ্ট শর্ত দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাই এক সাক্ষাৎকারে তেহরানের এই অবস্থানের কথা নিশ্চিত করেছেন।
তিনি জানান, সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা, ইরানের অবরুদ্ধ অর্থ ফেরত দেওয়া এবং নৌবাহিনীর ওপর আরোপিত অবরোধ তুলে নেওয়াই তাদের মূল দাবি।
কাতারের মধ্যস্থতায় ইতোমধ্যে এই শর্তগুলো মার্কিন প্রশাসনের কাছে পৌঁছে দেওয়া হয়েছে এবং ইরান এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উত্তরের অপেক্ষায় রয়েছে।
রেজাই আরও উল্লেখ করেন, ইরান শুধু যুক্তরাষ্ট্রের সঙ্গেই নয়, সৌদি আরব ও ইয়েমেনের হুথিদের মধ্যকার যুদ্ধেরও স্থায়ী অবসান চায়। তার মতে, হুথিরাও সৌদি আরবের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে আগ্রহী। সূত্র : আল-জাজিরা।

























