তোফায়েল হোসেন,মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রকিবুল হাসান হৃদয় (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত রকিবুল হাসান হৃদয় উপজেলার বালিজুড়ী পূর্ব পাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, মাদারগঞ্জ ও আশপাশের এলাকায় মাদক কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে বালিজুড়ী বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদারগঞ্জ মডেল থানা পুলিশের একটি দল। অভিযানের একপর্যায়ে রকিবুল হাসান হৃদয়ের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) স্নেহাশীষ রায় জানান, গ্রেফতারকৃত হৃদয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মাদক কারবারিদের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে ওসি স্নেহাশীষ রায় বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান অত্যন্ত কঠোর। যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে এবং মাদকমুক্ত মাদারগঞ্জ গড়তে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। এ ক্ষেত্রে আমরা স্থানীয়দের সার্বিক সহযোগিতা কামনা করছি।”
এদিকে পুলিশের মাদকবিরোধী এই অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল। তাদের মতে, মাদকের বিস্তার রোধে এ ধরনের নিয়মিত অভিযান ও কঠোর আইনানুগ ব্যবস্থা অপরাধীদের নিরুৎসাহিত করবে এবং এলাকায় স্বস্তি ফিরিয়ে আনবে।




















