ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের ছয়ঘড়িয়া হাইস্কুল পাড়া জামে মসজিদ থেকে গাজীর বাজার পর্যন্ত সড়কের পিচঢালাইয়ের কাজ চলমান রয়েছে। তবে কাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। অভিযোগ উঠেছে, এ নিয়ে আপত্তি জানানোয় ঠিকাদারের সহযোগী কবির নামের এক ব্যক্তি স্থানীয় এক বাসিন্দাকে মারধর করতে তেড়ে আসেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আখাউড়া উপজেলার ৩ নম্বর মোগড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ওই সড়কটির পিচঢালাইয়ের কাজ চলার সময় নির্মাণকাজের মান নিয়ে প্রশ্ন তোলেন স্থানীয়রা। এ সময় ঠিকাদারের সহযোগী হিসেবে পরিচিত কবির (ঠিকানা: চেকপোস্ট, আখাউড়া দক্ষিণ ইউনিয়ন) এক স্থানীয় ব্যক্তির সঙ্গে উত্তেজিত আচরণ করেন এবং তাঁকে মারতে তেড়ে আসেন বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয়দের প্রশ্ন, জনসাধারণের চলাচলের জন্য নির্মিত একটি সড়কের কাজের মান নিয়ে প্রশ্ন তোলার অধিকার কি মানুষের নেই? সরকারি অর্থে উন্নয়নকাজ হলে তার গুণগত মান নিশ্চিত করা সংশ্লিষ্টদের দায়িত্ব। সেখানে কাজের মান নিয়ে প্রশ্নের জবাব দেওয়ার পরিবর্তে কাউকে ভয়ভীতি দেখানো কিংবা মারধর করতে উদ্যত হওয়ার অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক।
স্থানীয়দের দাবি, সড়কটির নির্মাণকাজের গুণগত মান নিরপেক্ষভাবে যাচাই করতে হবে। পাশাপাশি অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে, যাতে জনস্বার্থে নির্মিত সড়কের কাজে কোনো ধরনের অনিয়ম বা নিম্নমানের কাজের অভিযোগ উপেক্ষিত না থাকে।




















