স্টাফ রিপোর্টার:
হবিগঞ্জের চুনারুঘাটে অনুমতি ছাড়া মাটি কাটার দায়ে মনজুর রহমান রাতুল নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৫ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে চুনারুঘাট পৌরসভার আমকান্দি স্লুইসগেট সংলগ্ন খোয়াই নদীর পার্শ্ববর্তী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, আমকান্দি স্লুইসগেট এলাকায় খোয়াই নদীর পাড় ঘেঁষে অবৈধভাবে মাটি কাটা হচ্ছে—এমন অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক ঘটনাস্থলে অভিযান চালায় প্রশাসন। সেখানে ঘটনার সত্যতা পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ সময় ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর ১৫(১) ধারা অনুযায়ী চুনারুঘাটের বনগাঁও (আমু রোড) এলাকার লুৎফর রহমানের ছেলে মনজুর রহমান রাতুলকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়। পাশাপাশি ভবিষ্যতে অনুমতি ছাড়া মাটি না কাটার বিষয়ে তাকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
অভিযান শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এবং কৃষিজমি রক্ষায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে এ ধরনের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।




















