শেখ আশিকুন্নবী সজীব, ফেনী জেলা প্রতিনিধি:
ফেনীর পুলিশ সুপার (এসপি) মো: হাবীবুল্লাহকে দায়িত্ব গ্রহণের আট দিনের মাথায় বদলি করা হয়েছে। তাকে খাগড়াছড়ি পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তার স্থলে গাইবান্ধার পুলিশ সুপার মো: জসিম উদ্দীনকে ফেনীতে পদায়ন করা হয়েছে।
আজ বুধবার (২৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, গাইবান্ধার পুলিশ সুপার মো: জসিম উদ্দীনকে ফেনী জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে, ফেনীর পুলিশ সুপার মো: হাবীবুল্লাহকে খাগড়াছড়ি পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
এর আগে, গত ১৮ নভেম্বর ফেনী জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মো: হাবীবুল্লাহ। দায়িত্ব নেওয়ার মাত্র আট দিনের মাথায় তাকে ফেনী থেকে সরিয়ে দেওয়া হলো।
এর আগে মো: হাবীবুল্লাহ গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। সেখান থেকে তাকে ফেনীতে বদলি করা হয়েছিল। একই সময়ে ফেনীর তৎকালীন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়।
প্রত্যুষ কুমার মজুমদার চলতি বছরের ১৫ জুন ফেনী জেলার পুলিশ সুপার হিসেবে যোগ দেন। পাঁচ মাসের মাথায় বদলির আদেশ পেয়ে গত ১৬ নভেম্বর গোপালগঞ্জ জেলা পুলিশের দায়িত্ব গ্রহণ করেন তিনি। আর ২৭তম বিসিএসের কর্মকর্তা মো: হাবীবুল্লাহ ১৮ নভেম্বর ফেনী জেলা পুলিশের পুলিশ সুপার হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।




















