রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের হলুদিয়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১২ জনকে আটক করেছে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ। পরে মাদক ও গাঁজা সেবনের দায়ে আটক প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) ১৩ নম্বর বাজালিয়া ইউনিয়নের হলুদিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব দাশ পুরকায়স্থ ও সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীমের নেতৃত্বে যৌথভাবে অভিযানটি পরিচালিত হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, এর আগে প্রায় এক সপ্তাহ আগে একই এলাকায় অভিযান চালিয়ে আরও ৯ জনকে আটক করা হয়েছিল। এরই ধারাবাহিকতায় আবারও একই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। দুই দফার অভিযানে মোট ২১ জনকে আটক করা হয়েছে।
ইউএনও রাজীব দাশ পুরকায়স্থ ও ওসি আব্দুল আলীম জানান, মাদক নিয়ন্ত্রণ ও মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




















