বিপ্লব তালুকদার খাগড়াছড়ি প্রতিনিধি:
সংরক্ষিত মহিলা আসন-৩৩৪ এর সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মারমা দুই দিনের সরকারি ও ধর্মীয় সফরে আগামীকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) খাগড়াছড়ি পার্বত্য জেলায় আসছেন। তাঁর এই আগমনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৮টায় তিনি বান্দরবানের উজানী পাড়ার নিজ বাসভবন থেকে সড়কপথে খাগড়াছড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন।
সফরের প্রথম দিন বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তিনি খাগড়াছড়ি জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন। এরপর একই দিনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।
সফরের দ্বিতীয় দিন শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৮টায় তিনি ‘বিশ্ব-শান্তি বুদ্ধ ধাতু বোগোঃজাদি’ ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেবেন। পরবর্তীতে মহালছড়ি উপজেলার চিত্র কাবারী পাড়া সিদ্দিলাভী বন বিহার পরিদর্শন শেষে বিকেলে বান্দরবানের উদ্দেশ্যে রওনা হবেন।
সংসদ সদস্যের খাগড়াছড়ি প্রতিনিধি অংগ্য মারমা জানান, মাননীয় সংসদ সদস্যের এই সফরকে ঘিরে খাগড়াছড়িবাসীর পক্ষ থেকে অভ্যর্থনা জানানোর সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এই সফর, মতবিনিময় সভা এবং ধর্মীয় অনুষ্ঠানসমূহ সর্বাঙ্গীণভাবে সফল ও সার্থক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।




















