পিরোজপুর প্রতিনিধিঃ
পিরোজপুরের মঠবাড়িয়ায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৮০ পিস ইয়াবাসহ হালিম চৌকিদার (৪০) নামের একজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে মঠবাড়িয়া উপজেলার ১নং টিকিকাটা ইউনিয়নের জনৈক রাজেনের দোকানের সামনে থেকে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশ্বস্ত সোর্সের মাধ্যমে নিশ্চিত হয়ে জেলা পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম- সেবা এর নির্দেশে এসআই সৌরভ দাসের নেতৃত্বে ডিবির একদল চৌকস টিম গঠন করে মঠবাড়িয়ার ১ নং টিকিকাটা ইউনিয়নের জনৈক রাজেনের দোকান থেকে হালিম চৌকিদার নামের উক্ত মাদক কারবারিকে গ্রেফতার করে মঠবাড়িয়া থানায় নিয়ে আসে।
পিরোজপুর জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হোসেন আল-মাহাবুব জানান,গ্রেফতারকৃত হালিম চৌকিদারের নামে মঠবাড়িয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন। বুধবার আদালতের মাধ্যমে তাকে পিরোজপুর জেল হাজতে প্রেরণ করা হবে। মাদকের বিরুদ্ধে আমাদের এ অভিযান চলমান থাকবে।




















