কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদক সেবন করে বাবা-মাসহ পরিবারের লোকজনকে মারধর ও ঘরের আসবাবপত্র ভাঙচুরের অভিযোগে মোঃ আতিকুজ্জামান আশিক (২২) নামে এক যুবককে সাড়ে ৪ মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে মোবাইল কোর্ট।
দণ্ডপ্রাপ্ত আশিক উপজেলার সন্তোষপুর ইউনিয়নের উত্তমখানা সন্তোষপুর গ্রামের ওয়াহেদুজ্জামানের ছেলে।
নাগেশ্বরী থানা পুলিশ জানায়, আশিক দীর্ঘদিন ধরে মাদক বিক্রি ও সেবন করে আসছিল। গতকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে মাদক সেবন করে সে তার বাবা-মাসহ পরিবারের লোকজনকে মারধর ও ঘরের আসবাবপত্র ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।
পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আলাউদ্দিন আহমেদ মোবাইল কোর্টের মাধ্যমে তাকে সাড়ে ৪ মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।




















