আলি হায়দার, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
একই বাড়িতে বসবাস, প্রতিবেশীদের সঙ্গে বিরোধ, মাদক কারবারের অভিযোগ এবং সেই কারবারে পুলিশ সদস্যের মদদ দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে কিশোরগঞ্জের ভৈরব ও নরসিংদীর বেলাব উপজেলার সীমান্তবর্তী একটি গ্রাম। ভৈরব থানায় কর্মরত পুলিশ কনস্টেবল হাসিনা আক্তারের বিরুদ্ধে মাদক কারবারে সহযোগিতা, পুলিশের ক্ষমতা ব্যবহার করে প্রতিবেশীদের ভয়ভীতি প্রদর্শন, অসদাচরণ ও হয়রানির অভিযোগ তুলেছেন স্থানীয় কয়েকটি পরিবারের সদস্যরা।
এসব অভিযোগের প্রতিকার এবং অভিযুক্ত পুলিশ সদস্যের প্রত্যাহার ও বিচার দাবিতে নরসিংদীর বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বটিবন গ্রামে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্য ও এলাকাবাসী।
মানববন্ধনে স্থানীয় ছয়বারের নির্বাচিত ইউপি সদস্য আক্তার মেম্বারের পরিবার, প্রবাসী কাইয়ুম মিয়ার পরিবার, আজগর আলীর পরিবার, শাহজাহান মিয়ার পরিবারসহ একাধিক পরিবারের সদস্যরা অংশ নেন। তাঁদের অভিযোগ, একই এলাকার মিঠুন নামে এক যুবকের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক সেবন ও ব্যবসার অভিযোগ থাকলেও স্থানীয়ভাবে প্রতিবাদ করতে গিয়ে উল্টো হয়রানি ও হুমকির শিকার হচ্ছেন তাঁরা। আর এসব কর্মকাণ্ডে পুলিশ কনস্টেবল হাসিনা আক্তার প্রভাব বিস্তার করছেন বলে অভিযোগ তাঁদের।
মানববন্ধনে অংশ নেওয়া শাহজাহান মিয়া অভিযোগ করেন, তাঁর ছেলে মিঠুন মাদক সেবনের পাশাপাশি মাদক কারবারে জড়িত। তাঁর ছেলের স্ত্রী পলি এই কারবারে সহযোগিতা করেন বলে দাবি করেন তিনি। একই বাড়ির সুজন মিয়ার স্ত্রী পুলিশ কনস্টেবল হাসিনা আক্তারও মিঠুনকে মাদক সরবরাহে সহযোগিতা করেন বলে অভিযোগ তাঁর।
শাহজাহান মিয়া ও তাঁর পরিবারের সদস্যদের দাবি, মিঠুনের মাদক কারবারে বাধা দিলে তাঁদের মারধরের জন্য তেড়ে আসেন মিঠুন ও তাঁর স্ত্রী পলি। এ সময় কনস্টেবল হাসিনা উপস্থিত থাকলেও মিঠুনকে নিবৃত্ত না করে বরং তাঁকে উসকানি দেন বলে অভিযোগ করেন তাঁরা।
তাঁদের ভাষ্য, হাসিনা দীর্ঘদিন ধরে পার্শ্ববর্তী ভৈরব থানায় কর্মরত। বাড়ি ও কর্মস্থল কাছাকাছি হওয়ায় তিনি প্রায় প্রতিদিন বাড়িতে যাতায়াত করেন। এই সুযোগ ও পুলিশ পরিচয় ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তার এবং প্রতিবেশীদের সঙ্গে অসদাচরণ করেন বলে অভিযোগ ভুক্তভোগীদের।
প্রতিবেশী আজগর আলী বলেন, কনস্টেবল হাসিনার প্রভাবের কারণে মিঠুন এলাকায় মাদক কারবারের আধিপত্য বিস্তার করছেন বলে তাঁদের অভিযোগ। এতে এলাকার কিশোর ও তরুণেরা মাদকের ঝুঁকিতে পড়ছে। মাদক কারবার বন্ধে প্রতিবাদ করলেও কার্যকর প্রতিকার পাচ্ছেন না তাঁরা। মিঠুনকে গ্রেপ্তার এবং তাঁর কথিত সহযোগীদের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
স্থানীয় ছয়বারের নির্বাচিত ইউপি সদস্য আক্তার মেম্বারের ছেলের স্ত্রী রুমা অভিযোগ করেন, মাদক কারবারের প্রতিবাদ করায় পরিকল্পিতভাবে তাঁর শ্বশুরকে মিথ্যা মামলায় জড়িয়ে কারাগারে পাঠানো হয়েছে। তাঁর দাবি, মিঠুন ও হাসিনার কথিত কর্মকাণ্ডের বিরুদ্ধে কেউ কথা বললেই তাঁকে ইয়াবা দিয়ে মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয়। পুলিশ সদস্য হাসিনা তাঁদের এমন হুমকি দিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।
অন্যদিকে, প্রবাসী কাইয়ুম মিয়ার স্ত্রী পুষ্প আক্তার অভিযোগ করেন, তাঁদের বাড়ির পাশেই কনস্টেবল হাসিনা আক্তার ১৭ দশমিক ৫ শতাংশ জমি কিনেছেন। জমিটির এসএ দাগ নম্বর ৫১৯ এবং আরএস দাগ নম্বর ৮২৩, জোয়ার গোবিন্দপুর মৌজায়।
পুষ্প আক্তারের দাবি, তাঁদের বাড়ির গাছের পাতা হাসিনার কেনা জমিতে পড়ার অভিযোগ তুলে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং গাছ কেটে ফেলার জন্য চাপ দেওয়া হয়। বিরোধ এড়াতে বাধ্য হয়ে তাঁরা কয়েকটি বড় গাছ কেটে ফেলেছেন। এরপরও সব গাছ কেটে দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ তাঁর।
তিনি আরও বলেন, এ বিষয়ে প্রতিবাদ করলে তাঁকে কারাগারে পাঠানোর হুমকি দেওয়া হয়। স্বামী প্রবাসে থাকায় বাড়িতে পুরুষ সদস্য না থাকার সুযোগে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।
মানববন্ধনে বক্তারা বলেন, মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে সাধারণ মানুষ যদি উল্টো পুলিশি হয়রানি ও মামলার ভয়ে মুখ বন্ধ রাখতে বাধ্য হন, তাহলে স্থানীয় পর্যায়ে মাদক কারবার নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে। অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত, মিঠুনকে গ্রেপ্তার, তাঁর কথিত সহযোগীদের আইনের আওতায় আনা এবং কনস্টেবল হাসিনা আক্তারকে ভৈরব থানা থেকে প্রত্যাহার করে বিভাগীয় তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।
এলাকাবাসীর দাবি, বিষয়টি কেবল কয়েকটি পরিবারের সঙ্গে প্রতিবেশীর বিরোধ নয়; বরং মাদক কারবারের অভিযোগ, পুলিশের পরিচয় ও ক্ষমতার সম্ভাব্য অপব্যবহার এবং সাধারণ মানুষের নিরাপত্তার সঙ্গে জড়িত। তাই স্থানীয় পর্যায়ে বিষয়টি ধামাচাপা না দিয়ে পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাধ্যমে নিরপেক্ষ তদন্ত করা প্রয়োজন।
অভিযোগ অস্বীকার করে পুলিশ কনস্টেবল হাসিনা আক্তার বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। মূলত জায়গাজমি সংক্রান্ত বিরোধের জের ধরেই আমার বিরুদ্ধে এসব সাজানো অভিযোগ তোলা হচ্ছে। সম্প্রতি আমি সেখানে একটি জমি ক্রয় করেছি। জমিটি কেনার পর থেকেই একটি পক্ষ আমার পেছনে লেগেছে এবং নানাভাবে হয়রানি করার চেষ্টা করছে। আমি যদি আজই ওই জমি ছেড়ে দিই, তাহলে আগামীকাল থেকেই সব ঝামেলা শেষ হয়ে যাবে। এর আগেও অন্য একটি জমি নিয়ে তারা একই ধরনের পরিস্থিতি তৈরি করেছিল। এই বিষয়টি আমাদের সার্কেল এএসপি স্যার অবগত।
তিনি আরও দাবি করেন, ব্যক্তিগত ও জমিসংক্রান্ত বিরোধের কারণে তাঁকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যেই মানববন্ধনসহ এসব কর্মকাণ্ড করা হচ্ছে।
এই বিষয়ে ভৈরব সার্কেল এএসপি মোহাম্মদ মুসা শেখ বলেন, জায়গা-জামি সংক্রান্ত একটা বিরোধ ছিলো তার ভাসুরদের সাথে সেটা জানি। তারা আমার অফিসেও এসেছিলো, পরবর্তীতে পারিবারিক ভাবে সেটা সমাধানও হয়েছে বলেই জানি। কিন্তু মাদক ব্যবসা করে বা মাদক ব্যবসায়ীর সাথে তার সংশ্লিষ্টতার বিষয়টি অবগত নই। পুলিশ সদস্যদের মাদকের সাথে সম্পৃক্ততার কোনো সুযোগ নেই। এই বিষয়ে তার বিরুদ্ধে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
মাদক কারবারে নারী পুলিশ সদস্যের মদদের অভিযোগ, প্রতিবাদ করলেই ইয়াবা মামলার হুমকি!
-
সিটি পোস্ট সারাদেশ - আপডেট সময় : ০৭:৪৯:২৮ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
- 3
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"ai_enhance":1,"square_fit":1,"transform":1},"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false,"is_sticker":false}
ট্যাগ
জনপ্রিয়



















