সরকার শাহাদত হোসেন :
মানবতার সেবায় নিবেদিত বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গাইবান্ধা ইউনিটের নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচনে সাতটি পদের বিপরীতে সাতজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করায় সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
সোমবার (৯ নভেম্বর) সকালে গাইবান্ধা স্থানীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গাইবান্ধা ইউনিটের বিশেষ সাধারণ সভা (ওজিএম) ও ইউনিট কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।
সোসাইটির সাবেক সেক্রেটারি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান ডা. মো. ফেরদৌস হোসেন মনজু, সেক্রেটারি মাহামুদুন নবী টিটুল, সদস্য রাগিব হাসান চৌধুরী, মো. সাহেদ হোসেন, নির্বাচন কমিশনার কাজী আমিরুল ইসলাম ফকু এবং ইউনিট কর্মকর্তা সাইদুর রহমান শাওন প্রমুখ।
সভায় নির্বাচনের তফসিল ঘোষণা ও মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে দেখা যায়, সাতটি পদের প্রতিটিতে একজন করে প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। ফলে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সব প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।
নবনির্বাচিত কমিটিতে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ডা. মো. ফেরদৌস হোসেন মনজু এবং সেক্রেটারি হয়েছেন মাহামুদুন নবী টিটুল। কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন শহিদুজ্জামান শহীদ, রাগিব হাসান চৌধুরী, মো. সাহেদ হোসেন, মোছা. রেবেকা সুলতানা ও শাকিল আহমেদ।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট কাজী আমিরুল ইসলাম ফকু। তাঁকে সহযোগিতা করেন চারজন সহকারী নির্বাচন কমিশনার।
উল্লেখ্য, গত ২৮ অক্টোবর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী ২৮ অক্টোবর খসড়া ভোটার তালিকা প্রকাশ, ২৯ অক্টোবর ভোটার তালিকার ওপর আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি, ৩০ অক্টোবর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ৩১ অক্টোবর মনোনয়নপত্র বিতরণ, ১ নভেম্বর মনোনয়নপত্র দাখিল, ২ নভেম্বর যাচাই-বাছাই, ৩ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহার, ৪ নভেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং ৫ নভেম্বর প্রার্থীদের সঙ্গে মতবিনিময়ের তারিখ নির্ধারণ করা হয়। সর্বশেষ ৯ নভেম্বর বিশেষ সাধারণ সভা ও ভোট গ্রহণের দিন ধার্য ছিল। নতুন এই কমিটির মাধ্যমে গাইবান্ধায় রেড ক্রিসেন্টের মানবিক কার্যক্রম, স্বেচ্ছাসেবামূলক উদ্যোগ এবং দুর্যোগে বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর কার্যক্রম আরও গতিশীল হবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।




















