জেলা প্রতিনিধি শরীয়তপুর:
শরীয়তপুরের ভেদরগঞ্জে ১০ বছর বয়সী প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে সখিপুর থানায় মামলা দায়ের করেছেন। তবে মামলা তুলে নিতে উল্টো ভুক্তভোগী ওই শিশুটির পরিবারকে হুমকি ধামকি দিচ্ছেন আসামি পক্ষের লোকজন। এদিকে ঘটনার একমাস পার হলেও অভিযুক্ত জাহিদ বেপারি আটক না হওয়ায় সোমবার দুপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবার, সহপাঠী ও স্থানীয়রা।

এর আগে গত ৪ অক্টোবর রবিবার সকালে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর চরভাগা পেদা কান্দি এলাকায় এই ঘটনা ঘটেছে। একই দিন বিকেলে ভুক্তভোগী শিশুটিকে শরীয়তপুর সদর হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি করা হয়।
মামলার এজাহার ও পরিবার সুত্রে জানা যায়, শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। গত রবিবার (৪ অক্টোবর) সকালে বাড়ীর পাশে অভিযুক্ত জাহিদ বেপারি (২২) এর বড়বোন জান্নাত ইসলামের কাছে প্রাইভেট পড়তে যায়। এসময় জান্নাত ইসলাম বাড়ীতে না থাকায় আসামি জাহিদ বেপারি ওই শিশু সহ কয়েকজনে পড়ান। পড়া শেষে সবাইকে চলে যেতে বললেও ওই শিশুটিকে পড়া আছে বলে পরে যেতে বলেন। এসময় সবাইকে চলে গেলে অভিযুক্ত জাহিদ বেপারি তার মায়ের রুমে নিয়ে শিশুটির হাত ও মুখ চেপে ধরে সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময় শিশুটি চিৎকার করলে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। পরে ঘটনা কাউকে না জানাতে অনুরোধ করে শিশুটিকে ঘর থেকে বের করে দেওয়া হয়। বাড়ি ফিরে শিশুটি পরিবারের সদস্যদের কাছে ঘটনাটি জানায়। বিষয়টি জানাজানি হলে সখিপুর থানা পুলিশ শিশুটিকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করায়। এদিকে ঘটনার একমাস পার হলেও অভিযুক্ত জাহিদ বেপারিকে গ্রেফতার করতে না পারায় ও মামলা তুলে নিতে হুমকি ধামকি দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন ভুক্তভোগীর পরিবার, সহপাঠী ও স্থানীয়রা। সোমবার দুপুরে ভেদরগঞ্জ উপজেলার সখিপুর ৫৪ নং চরভাগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে স্কুলের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় মানববন্ধনে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে অংশ নিয়ে কান্নাজড়িত কন্ঠে শিশুটির মা আক্তার রুমি বলেন, ঘটনার দিন আমার মেয়ে প্রাইভেট পড়তে তাদের বাড়িতে যায়। সবাইকে ছুটি দিলেও আমার মেয়েকে পড়া আছে বলে রেখে দেয়। কিছুক্ষণ পর আমার মেয়ে এসে পড়তে চাইলে অভিযুক্ত জাহিদ তাকে জোরপূর্বক আটকে ধর্ষণ করে। আমার মেয়ে কিছুটা প্রতিবন্ধী হওয়ায় তাকে ভয়ভীতি দেখিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। তারপর বাসায় এসে কান্নাকাটি করলে আমি জানতে চাই কি হয়েছে। এসময় আমার মেয়ে আমাকে সবকিছু খুলে বলে এবং তার শরীরের বিভিন্ন স্থানে দাগ দেখতে পাই। বিষয়টি পরিবারের সবাইকে জানালে আমাকে মামলা করার পরামর্শ দেয়। আমি ন্যায়বিচারের আশায় থানায় মামলা করেছি। এখন মামলা তুলে নিতে আমাকে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। দেশে বিভিন্ন ধরনের প্রযুক্তি ব্যবহার করে আসামি ধরা পড়ে। কিন্তু পুলিশ এই আসামি ধরছে না। আমি এ ঘটনার কঠিন বিচার চাই।
ভুক্তভোগী শিশুটির প্রতিবেশী কাকা জাহাঙ্গীর মোল্লা বলেন, সবচেয়ে উদ্বেগের বিষয় হলো মামলা তুলে নিতে ভুক্তভোগীর পরিবারকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। একটি অসহায় পরিবার ন্যায়বিচার চাইতে গিয়ে যদি হুমকির শিকার হয় তাহলে সাধারণ মানুষ নিরাপত্তা পাবে কোথায়? আমরা এই হুমকির তীব্র নিন্দা জানাই।শিশুটির সঙ্গে যে অন্যায় হয়েছে তার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। কোনো প্রভাবশালী মহলের চাপে যেন মামলাটি ধামাচাপা না পড়ে। প্রশাসনের কাছে আমাদের জোর দাবি, দ্রুত আসামিকে গ্রেপ্তার করতে হবে।
স্থানীয় সোহান মোল্লা বলেন, আমরা এই মানববন্ধনের মাধ্যমে প্রশাসনকে স্পষ্টভাবে জানাতে চাই ধর্ষণের মতো অপরাধের বিচার না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। ভুক্তভোগী পরিবারকে নিরাপত্তা দিতে হবে এবং যারা মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে তাদেরও আইনের আওতায় আনতে হবে। আজকে এই বাচ্চার সাথে হয়েছে কাল হয়তো আমার বাচ্চার সাথে হতে পাবে। এই ঘটনার বিচার না হলে এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিনিয়ত ঘটবে।
আফরিন আক্তার নামে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থী বলেন, আমরা শিক্ষার্থী হিসেবে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একটি শিশুর সঙ্গে এমন জঘন্য অপরাধ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ঘটনার এক মাস পার হয়ে গেলেও আসামি গ্রেপ্তার না হওয়া অত্যন্ত হতাশাজনক। উল্টো পরিবারকে মামলা তুলে নিতে হুমকি দেওয়া হচ্ছে। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি দ্রুত আসামিকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি শিশুটির পরিবারকে নিরাপত্তা দিতে হবে। আমরা চাই কোনো শিশু যেন এমন নির্যাতনের শিকার না হয় এবং অপরাধীরা যেন আইনের ফাঁক গলে পার পেয়ে না যায়। বিচার না হওয়া পর্যন্ত আমরা প্রতিবাদ চালিয়ে যাব।
এবিষয়ে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জল হোসেন বলেন, চরভাগায় শিশুটিকে ধর্ষণের অভিযোগে তার মা বাদী হয়ে মামলা করেছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত ইয়াছিন মিয়াকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আসা করি দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেফতার করতে পারবো।




















