মীর মোঃ রাকিব হাসান,বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়া শহরের ২০ নম্বর ওয়ার্ডের পূর্ব নারুলী তালপট্টি এলাকায় স্ত্রীকে মারধর, ছুরিকাঘাত, বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিবেশী একটি পরিবারের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ, সুষ্ঠু তদন্ত ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী আব্দুল মোমিন।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে বগুড়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন। এ সময় নিজের পরিবারসহ এলাকার কয়েকটি পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি পদক্ষেপ কামনা করেন।
লিখিত বক্তব্যে আব্দুল মোমিন জানান, গত ১৬ অক্টোবর তাঁর বাড়ি থেকে তিনটি মোবাইল ফোন হারানোর ঘটনাকে কেন্দ্র করে তাঁর স্ত্রী সুমাইয়ার সঙ্গে প্রতিবেশী রাহুলের বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে রাহুল তাঁর স্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করেন বলে অভিযোগ করেন তিনি।
অভিযোগ অনুযায়ী, ওই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সুমাইয়াকে চুলের মুঠি ধরে মারধর করা হয় এবং বাড়ির ইটের দেয়ালে মাথা ঠুকে দেওয়া হয়। এ সময় তাঁর শ্লীলতাহানির চেষ্টাও করা হয় বলে দাবি করেন আব্দুল মোমিন। পরে আহত সুমাইয়াকে বগুড়ার ২৫০ শয্যাবিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতাল এবং শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
এর ধারাবাহিকতায় গত ২৪ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে আব্দুল মোমিন বাড়িতে না থাকার সুযোগে রাহুল ও তাঁর পরিবারের কয়েকজন সদস্য দলবদ্ধভাবে বাড়িতে হামলা চালান বলে অভিযোগ করা হয়। এ সময় তাঁর স্ত্রীকে মারধরের একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করা হয়। এতে তাঁর মাথা কেটে যায় বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
একই ঘটনায় তাঁর স্ত্রীর গলায় থাকা প্রায় আট আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া এবং ঘরের শোকেসের ড্রয়ার ভেঙে দুই লাখ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ করেন তিনি। এ ছাড়া বাড়ির ফ্রিজ, টেলিভিশনসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর ও লুটপাট করা হয়েছে বলেও দাবি করেন।
প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করার সময় ফের প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ করেন আব্দুল মোমিন। খবর পেয়ে বাড়িতে ফিরে তিনি স্ত্রীকে মোহাম্মদ আলী হাসপাতালে নিয়ে চিকিৎসা করান। পরে অভিযুক্তদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে আব্দুল মোমিন আরও অভিযোগ করেন, অভিযুক্ত পরিবারের কয়েকজন সদস্য মুক্তিযোদ্ধা পরিচয় ও সরকারি সুযোগ-সুবিধা ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তার করছেন। তাঁদের পরিবারের সদস্যদের মুক্তিযোদ্ধা কোটায় সরকারি চাকরি পাওয়ার বিষয়টিও নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানান তিনি।
তাঁর দাবি, এসব ঘটনায় পূর্ব নারুলী তালপট্টি এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে নিজের স্ত্রী ও ১০ মাস বয়সী শিশুকন্যার নিরাপত্তা নিয়ে তিনি উদ্বিগ্ন।
এ সময় একই এলাকার বাসিন্দা সাইফুল ইসলামের স্ত্রী লিলি বেগমের ওপরও ধারালো অস্ত্র নিয়ে হামলার চেষ্টার অভিযোগ সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়। ভয়ে তিনি পাশের একটি বাড়িতে আশ্রয় নিয়ে আত্মরক্ষা করেন বলে জানানো হয়।
সংবাদ সম্মেলনে আব্দুল মোমিন ও অপর ভুক্তভোগী পরিবার উত্থাপিত অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত, পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের মুক্তিযোদ্ধা পরিচয় ও সরকারি চাকরিতে কোটা ব্যবহারের বিষয়টিও যাচাইয়ের দাবি জানান।




















