সাহারুল হক সাচ্চু. উল্লাপাড়া ( সিরাজগঞ্জ ):
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ সোমবার হাটে বীজ আলু বেচাকেনা কম পরিমাণ হয়েছে। আলু বীজ ব্যবসায়িরা
হাটে খদ্দের একেবারে কম থাকায় গল্প আড্ডায় সময় পার করেছেন। এখন আলু বীজ লাগানোর মৌসুম চলছে। উল্লাপাড়ার বিভিন্ন এলাকার ২৬ জন ব্যবসায়ি মিলিতভাবে এবারে আলু বীজ ব্যবসা করছেন। এদের একজন মো. নাসির জানান জয়পুরহাটের মোকাম থেকে তারা বীজ আলু এনে হাটে বেচছেন। উল্লাপাড়ায় সপ্তাহের হাটবার দুদিন সোমবার ও শুক্রবার সবচেয়ে বেশি পরিমাণ আলু বীজ কেনাবেচা হয়। এছাড়া হাটবার ছাড়াও তাদের দুএকজন ব্যবসায়ি আলু বীজ বেচেন। ব্যবসায়ি মো. নাসির বলেন আজ সোমবার সব মিলে পনেরো থেকে সতেরো মণ বীজ আলু বেচাকেনা হয়েছে। রোমানা জাতের বীজ আটাশ থেকে ত্রিশ টাকা ও কার্ডিনাল ( কাঠিলাল) বিশ টাকা কেজি দরে কেনাবেচা হয়েছে। আলু বীজ ব্যবসায়িরা বলেন গত কয়েকদিনে আবহাওয়ায় মেঘলাভাব থাকায় অনেক কৃষক জমি তৈরি করলেও বীজ কিনছেন না। কেউ কেউ বীজ কিনলেও জমিতে লাগানো বাদ রাখছেন। আবার কোনো কোনো এলাকার কৃষকেরা তিন থেকে পাচজন মিলে মোকাম থেকে আলু বীজ কিনে আনছেন।




















