নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি।
কিশোরগঞ্জের নিকলীতে মাদক মামলার এক আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার ঘটনায় ছাত্রদলের বহিষ্কৃত নেতা সিয়াম হাসান অক্ষয়সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) ভোরে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সিয়াম হাসান অক্ষয় (২৭) নিকলী সদর ইউনিয়নের খালিসাহাটি গ্রামের মৃত বাহার উদ্দিন বাচ্চুর ছেলে। তিনি নিকলী উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক। বর্তমানে তিনি সংগঠন থেকে বহিষ্কৃত। গ্রেপ্তার অপর দুজন হলেন নিকলী সদরের পুকুরপাড় গ্রামের ফেরদৌস মিয়ার ছেলে শাহরুখ (২৭) ও মিয়া হোসেনের ছেলে হিমেল মিয়া (২৭)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত ১০টার দিকে নিকলী সদরের টিঅ্যান্ডটি মোড় এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ শাকিল (২২) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশ। এ সময় আটকের খবর পেয়ে সিয়াম হাসান অক্ষয় ও তাঁর সহযোগীরা ঘটনাস্থলে জড়ো হন। একপর্যায়ে তাঁরা পুলিশ সদস্যদের ঘেরাও করে ধাক্কাধাক্কি করেন এবং আটক শাকিলকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।

এ ঘটনায় নিকলী থানার উপপরিদর্শক (এসআই) তুষার বাদী হয়ে সিয়াম হাসান অক্ষয়সহ ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করে নিকলী থানায় মামলা করেন।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আহমেদ বলেন, মাদক, ইভ টিজিং ও ছিনতাই প্রতিরোধে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


















