“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের অন্যান্য স্থানের মতো নীলফামারীর ডিমলায় যথাযোগ্য মর্যাদায় ও নানা আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।
আজ রবিবার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এক আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরানুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় বক্তারা যুবসমাজের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন। তাঁরা বলেন, দেশের যুবসমাজকে দক্ষ ও স্বাবলম্বী করে গড়ে তোলার মাধ্যমেই একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। এছাড়াও বক্তারা বলেন, যুবসমাজই দেশের মূল চালিকাশক্তি। কারিগরি শিক্ষা ও আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে যুবকদের দক্ষ করে তুলতে পারলে বেকারত্ব দূরীকরণ এবং অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে। যুব উন্নয়ন অধিদপ্তর যুবকদের স্বাবলম্বী করতে বিভিন্ন মেয়াদে যে প্রশিক্ষণ ও ঋণ সুবিধা দিচ্ছে, তার সঠিক ব্যবহারের ওপর তারা জোর দেন।
আলোচনা সভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে সফল ও প্রশিক্ষিত যুবকদের মাঝে যুব ঋণের চেক এবং সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানটিতে স্থানীয় বিভিন্ন যুব সংগঠনের সদস্য, গণমাধ্যমকর্মী এবং সুধীসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।





















