শেখ আশিকুন্নবী সজীব :
রাজধানীতে গত ২৩ ও ২৪ অক্টোবর অনুষ্ঠিত দ্বিতীয় জুনিয়র জাতীয় কারাতে চ্যাম্পিয়নশিপে কুমিতে বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেছে ফেনীর প্রতিভাবান কারাতে খেলোয়াড় হুমাইরা আলম জেমি। তার এই সাফল্যে ফেনী জেলা কারাতে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।শনিবার (৩১ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে তাকে ক্রেস্ট, প্রাইজমানি ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে ফেনী জেলা কারাতে অ্যাসোসিয়েশনের প্রশিক্ষক নুরুল্লাহ আল মাহফুজের সভাপতিত্বে ও সহকারী প্রশিক্ষক নজরুল ইসলামের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি পোস্টের ফেনী জেলা প্রতিনিধি শেখ আশিকুন্নবী সজীব।
এতে সিনিয়র কারাতে খেলোয়াড় ও ব্ল্যাক বেল্টধারীরা, অভিভাবকবৃন্দরা এবং মার্শাল আর্ট শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
জেমির এই অর্জনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ফেনী জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব সাইদুর রহমান জুয়েল, অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক ওমর ফারুক মামুন, সাধারণ সম্পাদক ইমন উল হক, প্রবাসী আবুল হাসান মহিউদ্দিন পারভেজ, রাজু, ফখরুল ইসলাম সোহেল ও অন্যান্য শুভাকাঙ্ক্ষী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণ খেলোয়াড়দের এমন সাফল্য অন্যদেরও খেলাধুলায় উৎসাহিত করবে। নিয়মিত প্রশিক্ষণ, অধ্যাবস্যায় ও মনোবলের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও সাফল্য অর্জন সম্ভব।





















