ইয়াকুব সরকার, বিশেষ প্রতিনিধি | কুড়িগ্রাম
২০২৬ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার ফলাফলে কুড়িগ্রাম জেলার ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি। দিনাজপুর শিক্ষা বোর্ড প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, এসব প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেওয়া মোট ৭০ জন শিক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছেন।
শিক্ষা বোর্ডের তথ্যমতে, এ বছর দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীন আট জেলার ৪৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার শূন্য শতাংশ। এর মধ্যে সর্বোচ্চ ৯টি প্রতিষ্ঠানই কুড়িগ্রাম জেলার, যা জেলার শিক্ষা ব্যবস্থার মান নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
শূন্য পাসের তালিকায় রয়েছে—রৌমারী উপজেলার চর শৌলমারী আদর্শ মহিলা কলেজ (২৪ পরীক্ষার্থী), নাগেশ্বরী মডেল কলেজ (১৫), রাজারহাট উপজেলার সিঙ্গার ডাবরীহাট কলেজ (১০), সিঙ্গার ডাবরীর হাট বিএল হাই স্কুল অ্যান্ড কলেজ (৬), নাগেশ্বরী উপজেলার কুটি পয়রাডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজ (৫), চিলাখানা মডেল কলেজ (৪), উলিপুর উপজেলার হযরত ফাতিমা (রা.) পৌর গার্লস স্কুল অ্যান্ড কলেজ (৩), চিলমারী উপজেলার দক্ষিণ খাউরিয়া স্কুল অ্যান্ড কলেজ (২) এবং রাজারহাট উপজেলার পাঙ্গারানী লক্ষ্মীপ্রিয়া স্কুল অ্যান্ড কলেজ (১)। এসব প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থীই অকৃতকার্য হয়েছেন।
শিক্ষাবিদ অধ্যাপক শফিকুল ইসলাম বেবুর মতে, চরাঞ্চল ও সীমান্তবর্তী এলাকার অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে প্রয়োজনীয় অবকাঠামোর ঘাটতি, শিক্ষক সংকট, নিয়মিত পাঠদান না হওয়া, শিক্ষার্থীদের ক্লাসে অনিয়মিত উপস্থিতি এবং মোবাইল ফোনে অতিরিক্ত আসক্তির মতো নানা কারণ এ ধরনের ফলাফলের জন্য দায়ী।
শিক্ষাবিদদের মতে, পিছিয়ে থাকা অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানে মানসম্মত পাঠদান নিশ্চিত করা, শিক্ষক সংকট দূর করা এবং শিক্ষার্থীদের নিয়মিত পাঠগ্রহণে উৎসাহিত করার পাশাপাশি অভিভাবকদের সচেতনতা বাড়ানো না গেলে ভবিষ্যতেও এমন ফলাফল অব্যাহত থাকতে পারে।



















