জেলা প্রতিনিধি শরীয়তপুরঃ
শরীয়তপুরের নড়িয়ায় নারীর অধিকার প্রতিষ্ঠা, সমতা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে যৌথ অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) নড়িয়া উপজেলার চামটা ইউনিয়নে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে বিভিন্ন বয়সী নারীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় তাঁদের হাতে ‘ন্যায়বিচার নিশ্চিত করি, ভুক্তভোগীদের সুরক্ষা দেই, অপরাধীদের দায়মুক্তি বন্ধ করি’ সহ বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। প্ল্যাকার্ডে নারীর সমঅধিকার, মেয়েদের ক্ষমতায়ন, ন্যায্য মজুরি এবং নারীর অধিকার প্রতিষ্ঠার দাবি তুলে ধরা হয়।
আয়োজক সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় জেন্ডার আপলিফটং ফর ইনক্লুসিভ ডেভলপমেন্ট এ্যান্ড কমিউনিটি এমপাওয়ারমেন্ট প্রকল্পের আওতায় নড়িয়া উন্নয়ন সমিতি (নুসা) এর যৌথ অ্যাডভোকেসি ক্যাম্পেইনের মাধ্যমে আয়োজন করা হয়। আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগের মাধ্যমে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে এবং সমাজে বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পরিবেশ তৈরি হবে। এসময় উপস্থিত ছিলেন কমিউনিটি লিডার আব্দুল গনি খান, মাকসুদা বেগম, স্বাস্থ্যকর্মী জসিম মাল, সালমা।
নড়িয়া উপজেলা কো-অর্ডিনেটর কাজী ফারুকুল হাসান বলেন, সমাজের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে হলে নারী ও পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠা করতে হবে। নারীদের উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ তৈরি তাঁদের নিরাপত্তা নিশ্চিত এবং অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা জরুরি। নারী ও প্রান্তিক জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এ ধরনের যৌথ অ্যাডভোকেসি ক্যাম্পেইন মানুষের মধ্যে সচেতনতা তৈরি এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


















