নরসিংদী প্রতিনিধি:
শিক্ষা, পরিবেশ সংরক্ষণ, সামাজিক নিরাপত্তা ও অসহায় মানুষের কর্মসংস্থান সৃষ্টিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে প্রশংসা কুড়িয়েছে নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ইয়াসমিনের উদ্যোগে পরিচালিত এসব জনকল্যাণমূলক কার্যক্রম সরেজমিনে দেখে সন্তোষ ও প্রশংসা প্রকাশ করেছেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. মনিরুজ্জামান মিঞা।
নরসিংদীতে দিনব্যাপী সরকারি সফরের অংশ হিসেবে শিবপুর উপজেলা পরিষদে আয়োজিত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বিভিন্ন সহায়তা বিতরণ অনুষ্ঠানে অংশ নেন তিনি। পূর্বনির্ধারিত কর্মসূচির বাইরেও দুটি অনুষ্ঠানে যুক্ত হয়ে উপজেলা প্রশাসনের বিভিন্ন মানবিক উদ্যোগ প্রত্যক্ষ করেন বিভাগীয় কমিশনার।
এর আগে সকালে নরসিংদী সার্কিট হাউজে অবস্থান শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তিনি। পরে নরসিংদী সদর উপজেলা প্রশাসনের একটি অনুষ্ঠানে যোগদান শেষে শিবপুরে পৌঁছালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইয়াসমিন তাকে অভ্যর্থনা জানান।
শিবপুর উপজেলা পরিষদ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সফি উল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান, ইউএনও ফারজানা ইয়াসমিন, সহকারী কমিশনার (ভূমি) সামিউর রহমানসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানে জেএসসি, এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের পরিবেশের প্রতি দায়িত্বশীল করে তুলতে তাদের হাতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি প্রদানের পাশাপাশি পরিবেশ সংরক্ষণে সম্পৃক্ত করার এ উদ্যোগ অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে।
এদিনের সবচেয়ে আলোচিত মানবিক উদ্যোগগুলোর একটি ছিল ৯৫ বছর বয়সী এক বৃদ্ধার জাতীয় পরিচয়পত্রের ব্যবস্থা করা। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইয়াসমিনের উদ্যোগে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বিভাগীয় কমিশনার নিজ হাতে ওই বৃদ্ধার কাছে জাতীয় পরিচয়পত্র তুলে দেন।
এ ছাড়া প্রতিবন্ধী ও অসচ্ছল একটি পরিবারের স্বাবলম্বী হওয়ার পথ তৈরি করতে উপহার হিসেবে একটি মুদি দোকানের ব্যবস্থা করা হয়। পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তি, দুস্থ শিক্ষার্থী ও বয়স্কদের মধ্যে হুইলচেয়ার বিতরণ করা হয়। এসব উদ্যোগের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি তাদের স্বাভাবিক জীবনযাপন ও আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ তৈরির চেষ্টা করা হয়েছে।
স্থানীয়দের মতে, শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি, পরিবেশবান্ধব উদ্যোগ, বয়স্ক ও প্রতিবন্ধীদের সহায়তা এবং অসচ্ছল পরিবারের কর্মসংস্থানের ব্যবস্থা—সবকিছুকে একই কর্মসূচির আওতায় নিয়ে আসা উপজেলা প্রশাসনের একটি ইতিবাচক দৃষ্টান্ত। বিশেষ করে সুবিধাবঞ্চিত মানুষের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে এসব উদ্যোগ গ্রহণ করায় তা স্থানীয় পর্যায়ে প্রশংসিত হচ্ছে।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের অনুপ্রাণিত করা, পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি এবং অসহায় মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যেই এসব কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।
দিনব্যাপী সফরে শিবপুর উপজেলা প্রশাসনের এসব কার্যক্রম প্রত্যক্ষ করে বিভাগীয় কমিশনারের প্রশংসা অর্জন করেন ইউএনও ফারজানা ইয়াসমিন। প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি সাধারণ মানুষের প্রয়োজন ও সমস্যাকে গুরুত্ব দিয়ে শিক্ষা, মানবিক সহায়তা এবং কর্মসংস্থান সৃষ্টিতে তার উদ্যোগ স্থানীয় প্রশাসনের জনকল্যাণমূলক ভূমিকার একটি উল্লেখযোগ্য উদাহরণ হয়ে উঠেছে।






















