বিপ্লব তালুকদার খাগড়াছড়ি:
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ৩নং পানছড়ি ইউপির উত্তর লতিবান আর্য্যমিত্র বৌদ্ধবিহারের বিহারাধ্যক্ষ সুদর্শী স্থবিরকে মহাস্থবির হিসেবে বরণ করা হয়েছে। দীর্ঘ দুই দশকের বেশি সময় বুদ্ধের শাসনে দীক্ষিত থেকে ধর্মীয় জীবন অতিবাহিত করার স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মানে ভূষিত করা হয়।
এ উপলক্ষে লতিবান আর্য্যমিত্র বৌদ্ধবিহারের দায়ক-দায়িকা, জ্যোতির্ময় কার্বারি পাড়া ও জমিনধন পাড়াবাসীর উদ্যোগে বর্ণাঢ্য ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ধর্মীয় কীর্তন ও ব্যান্ড পার্টিসহ মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ভক্ত-অনুরাগীরা ফুলেল শুভেচ্ছা ও শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে তাঁকে বরণ করে নেন।
সুদর্শী স্থবির ১৯৮০ সালের ৮ জানুয়ারি রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার ৩১ নম্বর খেদারমারা ইউনিয়নের দক্ষিণ পাবলাখালী গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা নিরঞ্জন চাকমা এবং মা ফুলোকা চাকমা। সাত ভাইবোনের মধ্যে তিনি সবার বড়।
শিক্ষাজীবনে ১৯৯৯ সালে খেদারমারা উচ্চবিদ্যালয় থেকে এসএসসি, ২০১১ সালে পানছড়ি সরকারি ডিগ্রি কলেজ থেকে এইচএসসি, ২০১৬ সালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে বিএসএস এবং ২০১৮ সালে ইসলামিক স্টাডিজ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
তিনি পার্বত্য ভিক্ষুসংঘ বাংলাদেশ, পানছড়ি উপজেলা শাখার সহসভাপতির দায়িত্বও পালন করছেন। ধর্মীয় অনুশাসন, শিক্ষা ও মানবকল্যাণে তাঁর দীর্ঘ পথচলায় মহাস্থবির হিসেবে এ বরণ ভক্ত-অনুরাগীদের কাছে বিশেষ তাৎপর্য বহন করছে।
এলাকার কার্বারি বিপ্লব চাকমা বলেন, ১৯৯৩ সালে এই লতিবান আর্য্যমিত্র বৌদ্ধ বিহার স্থাপন করা হয়। বর্তমান বিহারাধ্যক্ষ সুদর্শী ভান্তে বিশ বর্ষাবাস অতিক্রম করায় আজ আমরা নিয়মঅনুযা্যী মহাস্থবির বরন করেছি। এ উপলক্ষে আমরা শোভাযাত্রা করেছি। উনি যেন আমাদের সৎউপদেশ এবং সৎবানী দিযে মানব জাতির কল্যাণে কাজ করে যেতে পারেন তা কামনা করি।
উদযাপন কমিটির সভাপতি নন্দপাল চাকমা জানান, এ অনুষ্টান শুধু ধর্মীয় অনুষ্ঠান না। এটা ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের একটি অস্প্রদায়িক মিলন মেলা।


















