২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় লক্ষ্মীপুর জেলার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি। প্রতিষ্ঠানগুলো থেকে পরীক্ষায় অংশ নেওয়া মোট ১৯ জন শিক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছেন।
শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।
শূন্য পাস করা প্রতিষ্ঠানগুলো হলো, ফজুমিয়ার হাট হাইস্কুল অ্যান্ড কলেজ, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, বীর মুক্তিযোদ্ধা ড. মমতাজ উদ্দিন আলোকিত কলেজ, তোরাবগঞ্জ হাইস্কুল অ্যান্ড কলেজ ও ক্যামব্রিজ সিটি কলেজ। এর মধ্যে ফজুমিয়ার হাট হাইস্কুল অ্যান্ড কলেজ থেকে সাতজন, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ থেকে ছয়জন, বীর মুক্তিযোদ্ধা ড. মমতাজ উদ্দিন আলোকিত কলেজ থেকে তিনজন, তোরাবগঞ্জ হাইস্কুল অ্যান্ড কলেজ থেকে দুজন এবং ক্যামব্রিজ সিটি কলেজ থেকে একজন পরীক্ষায় অংশ নেন। তাদের কেউই উত্তীর্ণ হতে পারেননি।
এ বছর লক্ষ্মীপুর জেলায় এইচএসসি পরীক্ষায় পাসের হার ৪১ দশমিক ২৯ শতাংশ। মোট ৮ হাজার ৭৭৭ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৩ হাজার ৬২৪ জন। জিপিএ-৫ পেয়েছেন ৮১ জন। অকৃতকার্য হয়েছেন ৫ হাজার ১৫৩ জন।
পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ অকৃতকার্য হওয়ার ঘটনায় স্থানীয় অভিভাবক ও সচেতন মহলের মধ্যে উদ্বেগ ও হতাশা দেখা দিয়েছে।
কয়েকজন অভিভাবকের অভিযোগ, নিয়মিত ক্লাস না হওয়া এবং প্রাতিষ্ঠানিক নজরদারির অভাবের কারণে শিক্ষার্থীদের ফলাফল খারাপ হয়েছে।
তোরাবগঞ্জ হাইস্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক কামাল উদ্দিন বাহার বলেন, কলেজ প্রতিষ্ঠার পর থেকে সেখানে কোনো স্থায়ী শিক্ষক নেই। অতিথি শিক্ষক দিয়ে কোনো রকমে পাঠদান কার্যক্রম চালানো হয়। এ ছাড়া শিক্ষার্থীদের পড়ালেখার প্রতিও মনোযোগের অভাব রয়েছে।
পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এমরান হোসেন শিপুর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। অন্য প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কোনো মন্তব্য করতে চাননি।
এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেজবা উল আলম ভূঁইয়া জানান, ‘শিক্ষা বোর্ডের নিয়ম অনুযায়ী যেসব কলেজের কোনো শিক্ষার্থী পাস করেননি, সেসব প্রতিষ্ঠানকে চিঠি দেওয়া হবে। এরপর নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’





















