সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সুন্দরগঞ্জে থানার ওসি মো. সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন—উপজেলার বেলকা ইউনিয়নের জিগাবাড়ী এলাকার মো. মজিবর রহমান ওরফে মজি, ঘগোয়া জিগারতল এলাকার মো. আউয়াল এবং চন্ডীপুর ইউনিয়নের আমতলী ফকিরপাড়া এলাকার মো. শাইদুল ইসলাম।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে মজিবর রহমান বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনের সংশ্লিষ্ট ধারায় দায়ের করা নিয়মিত মামলার আসামি। আউয়াল সুন্দরগঞ্জ থানার সিআর ২৪২/২৫ মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। অপরদিকে, শাইদুল ইসলামকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সুপার মো. জসিম উদ্দিনের নির্দেশনায় সুন্দরগঞ্জ থানা পুলিশ মাদক, জুয়া, নিয়মিত মামলা ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তারে এ বিশেষ অভিযান পরিচালনা করে।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বলেন, পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।





















