মোঃ আবু রায়হান ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের ইটনায় অবৈধভাবে পাচারের সময় ১০৮ বস্তা সারসহ একটি নৌকা জব্দ করেছে নৌ পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
শুক্রবার (৩০ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার এলংজুরী ইউনিয়ন বাজারসংলগ্ন নৌকাঘাটে অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়।
নৌ পুলিশ সূত্রে জানা গেছে, নৌকাযোগে অবৈধভাবে সার পাচার করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে এলংজুরী ইউনিয়ন বাজারসংলগ্ন ঘাটে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে নৌকায় থাকা ব্যক্তিরা পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে ১০৮ বস্তা সারবোঝাই নৌকাটি জব্দ করে পুলিশ।
ইটনা নৌ পুলিশের পরিদর্শক মো. জামাল হোসেন বলেন, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, একটি নৌকায় করে অবৈধভাবে সার পাচার করা হচ্ছে। সারগুলো এলংজুরী বাজারে খালাস করার কথা ছিল। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যান। পরে নৌকাসহ ১০৮ বস্তা সার জব্দ করা হয়।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপের তথ্য পাওয়া গেলে তা জানা যাবে।





















