বাংলাবান্ধা পর্যন্ত রেললাইন সম্প্রসারণে প্রয়োজন বাংলাদেশ–ভারতের সম্মতি
পঞ্চগড় প্রতিনিধি:
দেশের রেললাইনগুলো ব্রডগেজে রূপান্তরের পর পঞ্চগড় থেকে কক্সবাজার পর্যন্ত সরাসরি ট্রেন চালুর সম্ভাব্যতা বিবেচনা করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন। একই সঙ্গে তিনি বলেছেন, বাংলাদেশ ও ভারত উভয় দেশ সম্মত হলে দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা পর্যন্ত রেললাইন সম্প্রসারণের উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব হবে। আঞ্চলিক রেল যোগাযোগের সুযোগ তৈরি না হওয়ায় প্রকল্পটি আপাতত স্থগিত রাখা হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) সকালে ঢাকা থেকে ট্রেনযোগে পঞ্চগড় রেলওয়ে স্টেশনে পৌঁছে স্টেশনের বিভিন্ন কার্যক্রম ও অবকাঠামোগত সুবিধা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
পঞ্চগড় থেকে নতুন ট্রেন চালুর বিষয়ে রেলওয়ের মহাপরিচালক জানান, ইতোমধ্যে ১৮টি নতুন কোচ দেশে এসেছে। এসব কোচ দিয়ে আপাতত পঞ্চগড় থেকে একটি নতুন ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে মোট ২০০টি কোচ আসার কথা রয়েছে। এসব কোচ ব্যবহার করে নতুন ট্রেন চালুর পাশাপাশি পুরোনো কোচ প্রতিস্থাপনের পরিকল্পনাও রয়েছে রেলওয়ের।
পঞ্চগড় থেকে কক্সবাজার পর্যন্ত সরাসরি ট্রেন চালুর সম্ভাবনা প্রসঙ্গে তিনি বলেন, এটি একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনার বিষয়। দেশের সব রেললাইন এখনো ব্রডগেজে রূপান্তর করা সম্ভব হয়নি। ব্রডগেজ রূপান্তরের কাজ সম্পন্ন হওয়ার পর পঞ্চগড়–কক্সবাজার সরাসরি ট্রেন চলাচলের যৌক্তিকতা বিবেচনা করা হবে। বিশেষ করে এ রুটে পর্যাপ্ত যাত্রী পাওয়া যাবে কি না, সেটিও যাচাই করতে হবে।
বাংলাবান্ধা স্থলবন্দর পর্যন্ত রেললাইন সম্প্রসারণ প্রসঙ্গে মহাপরিচালক বলেন, পঞ্চগড় থেকে বাংলাবান্ধা পর্যন্ত রেললাইন সম্প্রসারণের একটি পরিকল্পনা আগে নেওয়া হয়েছিল। কিন্তু বাংলাবান্ধা সীমান্তের ওপারে ভারতের সঙ্গে সরাসরি রেলসংযোগের ব্যবস্থা না থাকায় প্রকল্পটি থেকে প্রত্যাশিত সুফল পাওয়ার সম্ভাবনা সীমিত। শুধু দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণ হলেও আঞ্চলিক যোগাযোগ প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য বাস্তবায়িত হবে না।
তিনি বলেন, সীমান্তের ওপারে ভারতের রেললাইনের সঙ্গে সংযোগ স্থাপন করা না গেলে বাংলাবান্ধা পর্যন্ত রেললাইন সম্প্রসারণের মাধ্যমে কাঙ্ক্ষিত আঞ্চলিক যোগাযোগ সুবিধা পাওয়া যাবে না। এ কারণে সার্বিক বিষয় বিবেচনা করে প্রকল্পটি আপাতত স্থগিত রাখা হয়েছে।
মহাপরিচালক আরও বলেন, বাংলাদেশ ও ভারত উভয় দেশ যদি এ বিষয়ে একমত হয় এবং রেলসংযোগ স্থাপনে সম্মত হয়, তাহলে ভবিষ্যতে বাংলাবান্ধা পর্যন্ত রেললাইন সম্প্রসারণের উদ্যোগ বাস্তবায়ন করা হবে।
পঞ্চগড় রেলওয়ে স্টেশন পরিদর্শনের উদ্দেশ্য সম্পর্কে তিনি জানান, স্টেশনে বর্তমানে মালামাল লোডিং-আনলোডিংয়ের কী ধরনের সুবিধা রয়েছে এবং ভবিষ্যতে কী কী অবকাঠামোগত চাহিদা তৈরি হতে পারে, তা সরেজমিনে যাচাই করতেই এ পরিদর্শন।
তিনি বলেন, যাত্রী ও পণ্য পরিবহনের চাহিদা বাড়লে এবং পর্যাপ্ত জায়গা পাওয়া গেলে স্টেশনের রেললাইন সম্প্রসারণের বিষয়টি বিবেচনা করা হবে। প্রয়োজনে বিদ্যমান লাইন বড় করে আরও বেশি কোচ রাখার ব্যবস্থা করা কিংবা পাশে অতিরিক্ত রেললাইন নির্মাণের উদ্যোগ নেওয়া যেতে পারে।
রেলওয়ের মহাপরিচালক জানান, পঞ্চগড় স্টেশনের বর্তমান সক্ষমতা, ভবিষ্যৎ চাহিদা এবং অবকাঠামো সম্প্রসারণের সম্ভাবনা যাচাই করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
পরিদর্শনের সময় পঞ্চগড় রেলওয়ে স্টেশনের মাস্টার জাহিদ হাসান, স্টেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীসহ জেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



















