স্পেশাল করেসপন্ডেন্ট: শফিকুল ইসলাম শফিক:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ হযরত আলীর বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) দিবাগত রাত ৮টায় উপজেলার ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের হোসেনপুর ক্লাবের সামনে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। উঠান বৈঠকে সভাপতিত্ব করেন মোঃ টারজান মিয়া এবং সঞ্চালনা করেন মোহাম্মদ আশিক মিয়া।
সভাপতির বক্তব্যে মোঃ টারজান মিয়া বলেন, “হযরত আলী আমাদের এলাকার সন্তান, দুঃসময়ের পরীক্ষিত নেতা। দলের জন্য তার ত্যাগ আমরা সবাই জানি। তার মতো সৎ ও যোগ্য মানুষকে চেয়ারম্যান হিসেবে পেলে উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের উন্নয়ন হবে।”
এ সময় সর্বস্তরের নেতাকর্মীরা বলেন,“আজকের এই উঠান বৈঠকে ১ থেকে ৯নং ওয়ার্ডের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে তৃণমূল বিএনপি ঐক্যবদ্ধ। আমরা উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন বিএনপি একটি সুশৃঙ্খল সংগঠন। দল যাকে যোগ্য মনে করে মনোনয়ন দিবে, আমরা সবাই তার পাশেই থাকবো।”
প্রধান অতিথির বক্তব্যে কান্নাজড়িত কণ্ঠে মোঃ হযরত আলী বলেন, “আমি এই উত্তর বংশীকুন্ডার মাটির সন্তান। বিএনপির একজন ক্ষুদ্র কর্মী হিসেবে দলের দুঃসময়ে অনেক জেল-জুলুম, নির্যাতন সহ্য করেছি, কিন্তু দলের সাথে বেইমানি করিনি। আপনারা ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করলে এই ইউনিয়নকে একটি আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো, ইনশাআল্লাহ।”
উল্লেখ্য, মোঃ হযরত আলী ইতিপূর্বে মধ্যনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন এবং বর্তমানে তিনি ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
অনুষ্ঠানে যুবদল, ছাত্রদল ও বিএনপির মূল দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে মিষ্টি বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।



















