মো. রুহুল আমিন, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়ক নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় সরাইল উপজেলা সদরের কুট্টাপাড়া মোড়ে এ মহাসড়ক নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন।
উদ্বোধনী সমাবেশে সভাপতিত্ব করেন সরাইল উপজেলা বিএনপির সভাপতি মো. আনিসুল ইসলাম ঠাকুর। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু।
এ সময় বক্তব্য দেন সরাইল উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আশরাফুল করিম রিপন, সহসভাপতি রফিকুল ইসলাম মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশ, সাংগঠনিক সম্পাদক দুলাল মোহাম্মদ আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সুফিয়ান সিদ্দিকী ও যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন মাস্টার।
বক্তারা বলেন, সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়কের নির্মাণকাজ সম্পন্ন হলে এ অঞ্চলের মানুষের যাতায়াত আরও সহজ হবে এবং যাতায়াতে সময় সাশ্রয় হবে। পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলের সঙ্গে যোগাযোগব্যবস্থার উন্নয়ন ঘটবে।
তাঁরা আরও বলেন, উন্নত যোগাযোগব্যবস্থা একটি অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ মহাসড়ক নির্মিত হলে স্থানীয় মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও সামগ্রিক উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে।



















