শেখ সুমন আলী ফকিরহাট প্রতিনিধি :
বাগেরহাটের শরণখোলায় ৪২ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০০ গ্রাম গাঁজাসহ মো. আমিনুল খান (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৪ থেকে ১৬টি মামলা রয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) রাতে উপজেলার রায়েন্দা বাজার এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে তাঁকে বাগেরহাট আদালতে সোপর্দ করা হলে আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শরণখোলা থানা-পুলিশের একটি দল রায়েন্দা বাজারে স্থানীয় বাসিন্দা ইলিয়াস তালুকদারের বাড়িসংলগ্ন একটি ভাড়া বাসায় অভিযান চালায়। এ সময় আমিনুলের বসতঘর তল্লাশি করে ৪২ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রের দাবি, আমিনুল খান এলাকার একজন চিহ্নিত মাদক কারবারি। তাঁর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ইলিয়াস তালুকদারের ছত্রছায়ায় আমিনুল ও তাঁর স্ত্রী সুমী বেগম মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।
এ ঘটনায় শরণখোলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসা. রোকেয়া খানম বলেন, মাদক নির্মূলে শরণখোলা থানা-পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।



















