করিমগঞ্জ প্রতিনিধি :
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুণধর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান করিমগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহ্বায়ক ও গুণধর ইউনিয়ন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক পারভেজ আহমেদ। তিনি ইউনিয়নের খয়রত গ্রামের বাসিন্দা। খয়রত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক প্রয়াত আব্দুল গফুর মাস্টারের বড় ছেলে তিনি।
চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহী পারভেজ আহমেদ ইউনিয়নের সারসংকট, বিশুদ্ধ পানির অভাব ও বিদ্যুৎ-সংযোগবঞ্চিত পরিবারের সমস্যা সমাধানে কাজ করতে চান। পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, সড়ক-ঘাট সংস্কার, নারীর ক্ষমতায়ন এবং তরুণদের কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।
পারভেজ আহমেদ বলেন, কৃষকেরা যাতে সময়মতো সার পান, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করতে চান তিনি। যেসব এলাকায় বিশুদ্ধ পানির সংকট রয়েছে, সেখানে নিরাপদ পানির ব্যবস্থা করা এবং বিদ্যুৎ-সংযোগবঞ্চিত পরিবারগুলোর ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করার উদ্যোগ নেবেন।
তিনি আরও বলেন, চেয়ারম্যান নির্বাচিত হলে দলমত-নির্বিশেষে ইউনিয়নের সব মানুষের জন্য কাজ করতে চান। ইউনিয়ন পরিষদের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি দুর্নীতি ও অনিয়মমুক্ত স্থানীয় সরকার প্রতিষ্ঠা তাঁর লক্ষ্য। জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ইউনিয়ন গড়ে তুলতে চান তিনি।



















